রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকা থেকে ৮ মামলার আসামি মো. রিপন শেখকে (৩০) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত রিপন ছিনতাইকারী গ্রুপ ‘লাদেন গ্রুপের’ সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব।
শনিবার (৫ সেপ্টেম্বর) র্যাব-২ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপন শেখকে গ্রেফতার করে।
র্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, গ্রেফতার রিপন শেখ দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, চুরি, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমুলক কর্মকান্ড করছিলেন। তিনি মোহাম্মদপুর কিশোরগ্যাং এবং ছিনতাইকারী গ্রুপ ‘লাদেন গ্রুপের’ সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৮টি মামলা আছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব জানায়, রিপনের পিসিপিআর যাচাই করে দেখা গেছে, তার নামে রাজধানীর মোহাম্মদপুর,হাজারীবাগ ও নিউমার্কেট থানায় দস্যুতার ৩টি, ডাকাতি প্রস্তুতির ২টি, মাদকের ১টি, চুরি ও বিষ প্রয়োগের মাধ্যমে আঘাত প্রদানের ২টি মামলা রয়েছে।