সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানে তদারককারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে আইন ও বিধি অনুযায়ী অনুসন্ধান শেষ করে দ্রুত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের দায়িত্বশীল একটি সূত্র এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
গত ৩০ আগস্ট দুদকের উপপরিচালক মো. জাকারিয়ার সই করা ওই অফিস আদেশে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই এবং সংশ্লিষ্ট অনুসন্ধান কার্যক্রম তদারকির জন্য অনুসন্ধানকারী কর্মকর্তার পাশাপাশি বিশেষ অনুসন্ধান ও তদন্ত শাখার পরিচালককে তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একইসঙ্গে আজিজ আহমেদের স্ত্রী দিলশাদ নাহার কাকলির নামের সম্পদ অনুসন্ধানেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইন ও বিধি অনুসরণ করে সম্পদ বিবরণী যাচাই এবং অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি দ্রুত প্রতিবেদন কমিশনে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, আজিজ আহমেদের দাখিল করা ২৩ পৃষ্ঠার পূরণকৃত মূল সম্পদ বিবরণী এবং তিন পৃষ্ঠার অপূরণকৃত মূল সম্পদ বিবরণীসহ ফরওয়ার্ডিং চিঠি মিলিয়ে মোট ৩১ পৃষ্ঠার নথিপত্র বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।
নথিতে উল্লেখ করা স্থাবর-অস্থাবর সম্পদ, আয় ও সম্পদের উৎসসহ সংশ্লিষ্ট তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখছেন অনুসন্ধান-সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দুদক সূত্র জানায়, সম্পদ বিবরণীতে দেওয়া তথ্যের সঙ্গে অনুসন্ধানে পাওয়া তথ্যের সামঞ্জস্য রয়েছে কিনা এবং ঘোষিত সম্পদের উৎস যথাযথ কিনা এসব বিষয় যাচাইয়ের পর অনুসন্ধান প্রতিবেদন প্রস্তুত করা হবে।