দূরবীন ব্যান্ডের গিটারিস্ট শাওন বণিককে হুমকি, থানায় জিডি

রাজধানীর মোহাম্মদপুরে দূরবীন ব্যান্ডের গিটারিস্ট শাওন বণিককে ফোন করে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানায় জিডিটি করেন শাওন বণিক।

জিডিতে তিনি উল্লেখ করেন, ভোর ৫টা ৩৭ মিনিটের দিকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে ফোন করেন। এ সময় ওই ব্যক্তি গালিগালাজ করে তাকে তিন দিনের মধ্যে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বলেন।

শাওন বণিক আরও উল্লেখ করেন, ওই সময়ের মধ্যে তিনি লালমাটিয়া ছেড়ে ভারতে চলে না গেলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জিডিতে উল্লেখ করেন।

ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার আবেদন করেন তিনি। পরে মোহাম্মদপুর থানায় এ বিষয়ে জিডি করা হয়। জিডি নম্বর ৬৯৬।

মোহাম্মদপুর থানার কর্তব্যরত অফিসার সাইফুল ইসলাম জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, শাওন বণিককে কে বা কারা গালিগালাজ করে তিন দিনের মধ্যে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বলেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে অবগত আছেন।