শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১

রাজধানীর শাপলা চত্বর এলাকায় মানিব্যাগ চুরির সময় রবিন (১৯) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট। পরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। 

ট্রাফিক মতিঝিল জোন সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি চেকিং করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে কাগজপত্র যাচাই করা হচ্ছিল। গাড়ির চালক কাগজপত্র নিয়ে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের সঙ্গে কথা বলার সময় রবিন গাড়ি থেকে একটি মানিব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। 

বিষয়টি ওই সার্জেন্টের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে দৌড়ে রবিনকে আটক করেন। আটক রবিনকে হেফাজতে নিয়ে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

পরবর্তীতে মতিঝিল থানা পুলিশ আটক রবিনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত রবিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।