দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং চক্রের ৭ সদস্য গ্রেফতার

রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় সাঁড়াশি অভিযান চা‌লি‌য়ে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং চক্রের সক্রিয় ৭ সদস্যকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র ও ১৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন— মো. হাসান (২১), মো. সায়েম (১৯), মোকলেছুর রহমান (২৫), মো. রাহিম সিকদার (২২) ও গোলাম রহমান (৩০)। তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।  

অপর দুই জন মেহেরাজ হাসান অন্তর ও শাকিল আহম্মেদ হৃদয়। তারা কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত চিহ্নিত মাদক কারবারি। তাদের কাছ থেকে ১৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

দক্ষিণখান থানা পু‌লি‌শের বরাত‌ দি‌য়ে ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হো‌সেন জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) দক্ষিণখান থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

সম্প্রতি দক্ষিণখান থানা এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। 

এর পরিপ্রেক্ষিতে দক্ষিণখান থানা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিশোর গ্যাং চক্রের সক্রিয় সদস্যদের পাশাপাশি চিহ্নিত মাদক কারবারিদের গ্রেফতার করা হয়। 

তি‌নি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে কিশোর গ্যাং, ছিনতাইকারী, মাদক কারবারি ও অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।