বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে ব‌্যবসায়ী আহত

রাজধানীর দক্ষিণ বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে উজ্জ্বল ভূঁইয়া (৪৭) নামের এক জাহাজ ব্যবসায়ী আহত হ‌য়ে‌ছেন।বৃহস্পতিবার (১০ সে‌প্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহতের স্বজনরা। 

আহতের বড় ভাই জুননুন ভূঁইয়া জানিয়েছেন, রাত ১১টার দিকে বুকের ডান পাশে হাত দিয়ে রক্তাক্ত অবস্থায় বাসায় ঢোকে উজ্জ্বল। এর পর বলে গুলি লেগেছে। ত‌বে কে বা কারা গু‌লি ক‌রে‌ছে তা বলতে পারেননি সে। 

গুরুতর আহত অবস্থায় তাকে মধ্যরাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

আহত উজ্জ্বল দক্ষিণ বাড্ডা দারোগাবাড়ি মোড় এলাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম আব্দুল সাত্তার।