রাজধানীর গুলশানে মিছিলের চেষ্টাকালে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গুলশান থানা পুলিশ বলছে, গ্রেফতার দুই যুবক কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশান থানাধীন ৩ নম্বর সড়কের একটি গলিতে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন আব্দুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ জন লোক জড়ো হয়ে মিছিলের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের মোকাবিলা করে। জমায়েতকারীরা মারমুখী হয়ে উঠলে মিছিল ছত্রভঙ্গ করতে নিকেতন-৮১ মোবাইল টিম দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে।
পুলিশের দাবি, গুলি ছোড়ার পর জমায়েতকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে পাঁচটি তাজা ককটেল ফেলে যায়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে দুই জনকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।