জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় প্রশ্নপত্র ফাঁস–কাণ্ডে আলোচিত সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি.এম. তারিকুল কবীরের আদালতে সর্বশেষ সাক্ষী হিসেবে রবিবার মামলার বাদী উপ-সহকারী পরিচালক জাকির হোসেনের জবানবন্দি গ্রহণ করেন। এরপর সিয়ামের পক্ষে তার আইনজীবী রেজাউল করিম তাকে জেরা শেষ করেন। আগামী ২৪ সেপ্টেম্বর আসামি সিয়ামের আত্মপক্ষ শুনানির দিন রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম।
এ দিন সিয়ামের জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট রেজাউল করিম। দুদকের পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী জামিনের বিরোধিতা করেন। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।
মামলাটিতে ১১ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেওয়ার কথা জানিয়েছেন আরিফুল ইসলাম।
এ দিন শুনানিকালে সিয়ামকে আদালতে হাজির করা হয়।
গত ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন।
মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন উপসহকারী পরিচালক জাকির হোসেন।
তবে তদন্তে সিয়ামের জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পায় কর্মকর্তা।