রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সাজিদ (২২) নামের যুবক আহত হয়েছেন।
আহতের অভিযোগ ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ ৮ হাজার টাকা ও মোবাইল নিয়ে তেজগাঁও এলাকায় নেমে পালিয়ে যায়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় জামালপুরগামী ব্রহ্মপুত্র ট্রেনের ছাদে ঘটনাটি ঘটে।
পরবর্তী সময়ে ট্রেনটি বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর পর পানি বিক্রেতাসহ দুই হকার তাকে ছাদ থেকে উদ্ধার করে। পরে বিমানবন্দর ফাঁড়ির পুলিশ তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পরে তার স্বজন ও বন্ধু-বান্ধবদের সংবাদ দিয়ে সেখান থেকে রাত সাড়ে ৯টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পুলিশের কনস্টেবল রুবেল।
ছিনতাইকারীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়েছিল। তারা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেছে।
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দড়িয়াবাদ গ্রামের আব্দুল মজিদের ছেলে সাজিদ।