বিনা ভোটের এমপি, আওয়ামী লীগের সেই আরজু গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা-পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে লালমাটিয়ায় সামনে এ ঘটনা ঘটে।

ডিএমপি মিডিয়া বিভাগের উপ-কমিশনার আকতার হোসেন আজিজুল হক আরজুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানাবলেন, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে আটক করা হয়েছে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে যাচাই-বাছাই ও তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদপুর থানা-পুলিশ জানিয়েছে, আরজু হৃদরোগে আক্রান্ত। আটকের পর তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে পুলিশি পাহারায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়।

জানা গেছে, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী আজিজুল হক আরজু। সেবার বিএনপি ও জামায়াতে ইসলামী নির্বাচন বর্জন করায় ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছিল।