সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয় সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। লক্ষ্মীপুর জেলার তদারকির দায়িত্ব পাওয়ার পর এটি ছিল তার প্রথম সভা।
মন্ত্রী বলেন, সামাজিক অবক্ষয় একদিনে তৈরি হয় না। প্রযুক্তির বিকাশের সঙ্গে সমাজকে সঠিকভাবে খাপ খাওয়াতে পরিবার, শিক্ষক, সচেতন নাগরিক ও রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, সব সমস্যার সমাধানের দায়িত্ব শুধু রাষ্ট্রের ওপর ছেড়ে দিলে হবে না। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং বিচারাধীন মামলার নিষ্পত্তি দ্রুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় জানানো হয়, গত আগস্টে লক্ষ্মীপুরে মোট ২০৮টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২৬টি, মাদকসংক্রান্ত অপরাধ ৬৬টি এবং অন্যান্য অপরাধ ৯১টি।
এ ছাড়া আগস্টে বিভিন্ন থানায় ৮৫২টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি হয়েছে। তবে এখনও ১২ হাজার ১৪টি পরোয়ানা পেন্ডিং রয়েছে।
পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটা বন্ধ, জমির টপসয়েল কাটা ও অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী-খাল রক্ষা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় জানানো হয়, গত এক বছরে লক্ষ্মীপুরে ৬৫টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে। বিভিন্ন আইনে অভিযান চালিয়ে মোট ১ কোটি ২৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।