শাপলা চত্বর হত্যাকাণ্ড: অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

শুনানিতে প্রসিকিউশন জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তারা আত্মসমর্পণ করেননি। তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু এবং পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আবেদন জানায় প্রসিকিউশন।

ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন গ্রহণ করে পলাতক আসামিদের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেন এবং অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেন।

এ মামলায় গ্রেফতার ১১ আসামিকে বুধবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী ও শামসুল হক টুকুসহ কয়েকজন রয়েছেন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থা তাদের পরিচয় শনাক্ত করেছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন ও কুমিল্লায় একজন নিহত হন।

এ মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

এছাড়া সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের সাবেক মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারও আসামির তালিকায় রয়েছেন।

সাংবাদিকদের মধ্যে রয়েছেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, তৎকালীন র‌্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তারা।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১৩ দফা দাবিতে সমাবেশ করে হেফাজতে ইসলাম। ওই সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষে ৪১ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।