রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, খেলনা পিস্তল-ওয়াকিটকিসহ গ্রেফতার ৬

রাজধানীর শাহবাগ থানা এলাকায় ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল, ওয়াকিটকি, হাতকড়া ও ডিবি লেখা জ্যাকেটসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেফতারকৃতরা হলেস জুয়েল মৃধা (৩৮), মো. রমিজ তালুকদার (৩৬), জসিম তালুকদার ওরফে রিয়াজ (৪৬), মো.  রহমান হাওলাদার (৩৯) ৫, মো. বিল্লাল (৩২) ও মো. মারুফ (৩৮)।

বৃহস্প‌তিবার (১৭ সে‌প্টেম্বর) ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হো‌সেন ব‌লেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম জানতে পারে, শাহবাগের বারডেম হাসপাতালের বিপরীত পাশে মেট্রোরেল স্টেশনের নিচে কয়েকজন ব্যক্তি ভুয়া ডিবি পুলিশের পোশাক পরিধান করে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। 

এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ছয় জনকে গ্রেফতার করা হয়। 

এ সময় তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, একটি খালি খেলনা ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া ও দুটি ডিবি লেখা জ্যাকেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পরিচয় ও পোশাক ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় লোকজনকে জিম্মি করে ডাকাতি করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।