রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে শাহজাহানপুর থানার মালিবাগ রেলগেট সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। সেগুলো নিচের সড়কে বিস্ফোরিত হয়।
শাহজাহানপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, ‘‘ওই সড়কে আমাদের চেকপোস্ট কার্যক্রম চলছিল। এরমধ্যেই ফ্লাইওভারের তিনতলার ওপর থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’’
ওসি জানান, নিচ থেকে দেখা যায়নি, কারা ককটেল নিক্ষেপ করছে। তবে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, ‘‘এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’’