রাজধানীতে শনিবার রাতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক স্থানে তিনটি বাসে আগুন এবং যাত্রাবাড়ী, মহাখালী ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে একজন রিকশাচালক আহত হয়েছেন। অন্য ঘটনাগুলোতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে মহাখালীর আমতলী ও সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ১২টার দিকে মহাখালীর আমতলী মোড়ে পরপর চারটি ককটেল বিস্ফোরিত হয়। দুর্বৃত্তরা মহাখালী ফ্লাইওভার থেকে ককটেলগুলো ছুড়ে দেয়। নিচে পড়ে ককটেলগুলো বিস্ফোরিত হলেও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বনানী থানার পরিদর্শক (অপারেশন্স) এ কে এম মহিন উদ্দিন বলেন, ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে রাত পৌনে ১১টার দিকে সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।
যাত্রাবাড়ীতে চার ককটেল বিস্ফোরণ
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার বিপরীতে হাজী সামাদ মার্কেটের সামনে পরপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে মো. বিল্লাল (৩২) নামের একজন রিকশাচালক আহত হয়েছেন।
ডিএমপির ওয়ারি বিভাগের ডেমরা জোনের এডিসি মীর মুহসীন মাসুদ রানা বলেন, দুর্বৃত্তরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এতে একজন রিকশাচালক আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভার থেকে দুর্বৃত্তরা ককটেলগুলো নিক্ষেপ করেছে।
তিন বাসে আগুন
শনিবার সন্ধ্যা থেকে রাত ৮টার মধ্যে রাজধানীর পৃথক স্থানে তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর এলাকায় অভিজাত পরিবহন এবং প্রায় একই সময় পল্লবীর ১১ নম্বরে শিকড় পরিবহনের যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে। এ ছাড়া বাড্ডায় আরেকটি বাসে আগুন লাগে।
সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। বাসটি চলন্ত অবস্থায় ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পল্লবী থানার ওসি হাসান বাছির বলেন, দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়েছে। তবে তা নিভিয়ে ফেলা হয়েছে। কোনো হতাহতের ঘটনা নেই। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
শনিবার রাত ৭টা ৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে আলিফ এন্টারপ্রাইজের বাসটিতে আগুনের ঘটনা ঘটে।
বাড্ডা থানার ওসি কাজী নাসিরুল আমিন বলেন, রাত ৭টা ৫০ মিনিটে রাস্তার পাশে দাঁড়ানো একটি স্টাফ বাসে আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিক জানা যায়নি। কেউ লাগিয়েছে কি না, বা কোনো ত্রুটি থেকে আগুন লেগেছে কি না, তা জানার চেষ্টা চলছে।
এদিকে মিরপুর-১ নম্বরের একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা করে। কিন্তু স্থানীয়দের ধাওয়ায় তারা পালিয়ে যায়।
তিনি বলেন, ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
নিরাপত্তা জোরদার, দুই শতাধিক চেকপোস্ট
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার, আগারগাঁওসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া একই দিন রাতে তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
নাশকতামূলক এসব কর্মকাণ্ড প্রতিরোধে ইতোমধ্যে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর অংশ হিসেবে রাজধানীজুড়ে দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে টহলও।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দুই শতাধিক চেকপোস্ট পরিচালনা করছে পুলিশ। একইসঙ্গে রাজধানীতে প্রবেশের চারটি গুরুত্বপূর্ণ মুখেও বিশেষ নজরদারি রাখা হয়েছে। এসব পথে রাজধানীতে প্রবেশ ও বের হওয়া যানবাহন পর্যবেক্ষণের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে শুক্রবার যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। মামলাটির তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু।
এ ছাড়া কাফরুল থানার সামনে বাসে আগুনের ঘটনায় নাশকতার অভিযোগে মামলা হয়েছে।
মিরপুর বিভাগের ডিসি মোস্তাক সরকার জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় সাতজনের নামে মামলা করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণের কোনো আলামত না পাওয়ায় মামলা হয়নি। তবে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।