নানামুখী অস্থিরতায় জনজীবনে বাড়ছে উদ্বেগ

ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ, শিশু হত্যা, জনতার হামলা, বিশ্ববিদ্যালয়ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ; সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একের পর এক অপরাধের ঘটনা ঘটছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ২ হাজারের বেশি শিশুর নিখোঁজ থাকা, ডেঙ্গু ও হামের সংক্রমণ, বিদ্যুৎ-গ্যাস সংকট এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি। এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

একটির সঙ্গে আরেকটির সরাসরি সম্পর্ক নেই। তবে অপরাধ, মব, শিশু নিরাপত্তা, জনস্বাস্থ্য, জ্বালানি ও রাজনৈতিক অস্থিরতার এসব ঘটনা একই সময়ে সামনে আসায় সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বস্তিবোধে চাপ তৈরি হয়েছে। 

রাজনৈতিক ও সমাজ বিশ্লেষকরা পরিস্থিতিকে ‘অস্থিতিশীল’ বললেও পুলিশ বলছে, বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সামগ্রিক পরিস্থিতিকে অস্থিতিশীল বলা যায় না। তবে ঘটনাগুলো সাধারণ মানুষের মনে নিশ্চয়ই উদ্বেগ বাড়াচ্ছে এবং সরকারের প্রতি আস্থার সংকট তৈরি করছে। আর সরকারি দল বলছে, বিরোধী দল কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করছে।

রাজধানীতে ককটেল, অগ্নিসংযোগ

১৮ সেপ্টেম্বর মালিবাগ, যাত্রাবাড়ী, আগারগাঁও ও মহাখালীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিনও রাজধানীর বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ হয়। এরপর ঢাকা মহানগর পুলিশ দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করে।

রবিবার (২০ সেপ্টেম্বর) হাইকোর্ট ও মৎস্য ভবন এলাকাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার কথা জানিয়েছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে ডিবি।

পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, এসব ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ; এমন ধারণা তৈরির চেষ্টা চলছে। দেশের সামগ্রিক পরিস্থিতিকে ‘অস্থিতিশীল’ বলতে নারাজ তিনি।

তার ভাষ্য, ‘আমি বলবো না যে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। জনজীবনে এমন কোনও প্রভাব পড়েনি।’ দেশের ভেতর ও বাইরে থেকে এ ধরনের বার্তা দেওয়ার চেষ্টা থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং জড়িতদের শনাক্তে আলামত ও তথ্য-প্রমাণ বিশ্লেষণ করা হচ্ছে।

শিশু হত্যা, মব সহিংসতা

পাবনায় নিখোঁজ হওয়ার সাত দিন পর ১০ বছরের এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এরপর প্রধান অভিযুক্ত মোস্তফার বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। পুলিশ পরিবারের সদস্যদের সরিয়ে নিলেও বড় জনসমাগম ঠেকাতে পারেনি।

কুমিল্লায় ১৩ বছরের স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ছবি তুলতে সে মায়ের আইফোন নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। পুলিশ চার তরুণকে আটক করে এবং এক সন্দেহভাজনের বাড়ি থেকে ফোনটি উদ্ধার করে।

খুলনায় একটি ছাত্রাবাসে অন্যের ভাত খাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ২১ বছর বয়সী বিশ্ববিদ্যালয় ছাত্র আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

আইন ও সালিশ কেন্দ্রের সংবাদপত্রভিত্তিক হিসাবে, চলতি বছরের প্রথম সাত মাসে অন্তত ৪০০ নারী ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৩৭ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। একই সময়ে মব সহিংসতায় ১৩৪ জনের মৃত্যুর তথ্যও সংস্থাটির প্রতিবেদনে রয়েছে।

২ হাজার ৩৮ শিশুর সন্ধান নেই

পুলিশ সদর দফতরের হিসাবে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৭ বছর বয়স পর্যন্ত ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হিসেবে নথিভুক্ত হয়েছিল। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জন উদ্ধার হয়েছে বা পরিবারের কাছে ফিরে এসেছে। এখনও খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের।

পুলিশ বলছে, নিখোঁজের সব ঘটনা অপহরণ বা অপরাধ নয়। কিশোর-কিশোরীর স্বেচ্ছায় বাড়ি ছেড়ে যাওয়া, পারিবারিক বিরোধ ও পড়াশোনার চাপসহ বিভিন্ন ঘটনাও নিখোঁজ হিসেবে নথিভুক্ত হয়। তবে দুই হাজারের বেশি শিশুর অবস্থান অজানা থাকা পরিবারগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

ডেঙ্গু-হামে স্বাস্থ্যব্যবস্থায় চাপ

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ৩৭৯ জন। মৃত্যু হয়েছে ১৭৮ জনের। শুধু ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১ হাজার ২৩২ জন এবং মৃত্যু হয়েছে দুই জনের।

হামের পরিস্থিতিও উদ্বেগজনক। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম এবং হামসদৃশ উপসর্গে সন্দেহভাজন মৃত্যু মিলিয়ে সংখ্যা ১ হাজার ৫৩। এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিত হামজনিত মৃত্যু ১০১ এবং সন্দেহভাজন মৃত্যু ৯৫২। একই সময় নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৪৭৪।

বিদ্যুৎ-গ্যাস সংকট, বাড়ল জ্বালানি তেলের দাম

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ১০ সেপ্টেম্বর বিকেল ৩টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ৩৪৫ মেগাওয়াট। সরবরাহ ছিল ১২ হাজার ৭৮৮ মেগাওয়াট। ওই সময় লোডশেডিং ছিল ৩ হাজার ৫৫৭ মেগাওয়াট। আন্তর্জাতিক বাজারে এলএনজির মূল্যবৃদ্ধি ও সরবরাহ বিঘ্নের কারণে বিদ্যুৎ ও শিল্পকারখানায় গ্যাস সংকট দেখা দিয়েছে।

এর মধ্যে সোমবার (২১ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মধ্যপ্রাচ্য সংকটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম, বীমা প্রিমিয়াম ও জাহাজভাড়া বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্চ থেকে আগস্ট পর্যন্ত মূল্য সমন্বয় না করায় বিপিসিকে প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসান বহন করতে হয়েছে বলে জানান তিনি। আন্তর্জাতিক বাজারে ডিজেলের গড় মূল্য প্রতি লিটার প্রায় ২০৫ টাকা হলেও দেশে নতুন মূল্য ১৩৫ টাকা। ফলে এখনও প্রতি লিটারে প্রায় ৭০ টাকা ভর্তুকি দিতে হবে।

প্রতিমন্ত্রীর ভাষ্য, আগের মতো ভর্তুকি অব্যাহত রাখলে বছরে শুধু ডিজেলেই প্রায় ৪০ হাজার কোটি এবং সব ধরনের জ্বালানি মিলিয়ে প্রায় ৫০ হাজার কোটি টাকা প্রয়োজন হতো। এতে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রমে চাপ পড়ত। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দামের বড় ব্যবধান থাকায় জ্বালানি পাচারের ঝুঁকিও ছিল।

তিনি স্বীকার করেন, দাম বাড়ায় পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়তে পারে। অযৌক্তিক ভাড়া ও মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজার মনিটরিং জোরদার করা হবে বলে জানান তিনি। আন্তর্জাতিক বাজার ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানির দাম কমানোর চেষ্টা করা হবে বলেও জানান।

‘আস্থার সংকট তৈরি করছে’

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী বাংলা ট্রিবিউনকে বলেছেন, দেশ বর্তমানে অস্থিতিশীলতার মধ্যে রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নষ্ট হলে অনেক কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাবনায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হওয়ার পরও তার বাড়িতে হামলা, কুমিল্লায় শিশুহত্যা ও খুলনায় বিশ্ববিদ্যালয়ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনা সমাজের নিরাপত্তাবোধের জন্য উদ্বেগজনক।

তার ভাষ্য, ‘দেশ এখন অস্থিতিশীলতার মধ্যে আছে, এতে আমার কোনও সন্দেহ নেই। যারা নিরাপত্তা নিয়ে চলেন বা ক্ষমতায় আছেন, তারা হয়তো এর চাপ অনুভব করবেন না। কিন্তু সাধারণ মানুষ প্রতিদিন এর ভুক্তভোগী হচ্ছে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান দুরবস্থার দিকে আরও বেশি নজর দেওয়া প্রয়োজন।

‘বিরোধী দল কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করছে’

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ জানিয়ে সিপিবি বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। রবিবার (২০ সেপ্টেম্বর) দলটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফী রতন এক বিবৃতিতে এ দাবি জানান।

কুমিল্লার অপ্রতিম ও খুলনার আজমুল হোসেন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার এবং রাজধানীসহ বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি। ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ এবং ২ হাজার ৩৮ জনের এখনও সন্ধান না পাওয়ার তথ্য তুলে ধরে সিপিবি বলেছে, এসব ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ।

অন্যদিকে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দল গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে পারে; তবে কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করা ও জনগণের দুর্ভোগের দায় তাদের নিতে হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি রাজধানীতে বাসে আগুন ও হাইকোর্টের সামনে বোমাবাজির ঘটনায় জড়িতদের বিষয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে রংপুরে ৪৫০টি গাড়ি নিয়ে লংমার্চের সমালোচনা করে তিনি বলেন, জ্বালানি সংকটের সময়ে এত গাড়িতে কত জ্বালানি ব্যয় হয়েছে, তা বিবেচনা করা উচিত ছিল।

রিজভী বলেন, বাংলাদেশের অধিকাংশ জ্বালানি, এলএনজি ও ডিজেল হরমুজ প্রণালি দিয়ে আসে। ওই পথ বন্ধ থাকায় সংকট তৈরি হয়েছে। সরকার বাজেটের বাইরে আরও ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস ও এলএনজি আনার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।