নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুরে নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে এসপি পদমর্যাদার আরও ১৮ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নেত্রকোনার নতুন পুলিশ সুপার হিসেবে র্যাবের (এসআরবি) মো. বদরুদ্দোজাকে বদলি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার করা হয়েছে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মু. জালাল উদ্দিন ফাহিমকে। রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন র্যাবের মীর মনির হোসেন। আর মেহেরপুরের পুলিশ সুপার করা হয়েছে পুলিশ সদর দফতরের এআইজি আলী হায়দার চৌধুরীকে।
একই আদেশে চার জেলার বর্তমান পুলিশ সুপারদেরও অন্যত্র বদলি করা হয়েছে। নেত্রকোনার এসপি মো. তরিকুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), ব্রাহ্মণবাড়িয়ার এসপি শাহ মো. আব্দুর রউফকে বিশেষ শাখায় (এসবি), রাজবাড়ীর এসপি মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশে এবং মেহেরপুরের এসপি উজ্জ্বল কুমার রায়কে সিআইডিতে বদলি করা হয়েছে।
এ ছাড়া জাতিসংঘে লিয়েন শেষে পুলিশ সদর দফতরে রিপোর্ট করা মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজের এসপি হিসেবে বদলি করা হয়েছে।
আরও ১৩ এসপি বদলি
প্রজ্ঞাপনে সিআইডির ফাতিহা ইয়াসমিনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), সিআইডির মোনালিসা বেগমকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) এবং সিআইডির মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দফতরের মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশে, সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) বদলির আদেশপ্রাপ্ত মুহাম্মদ রহমত উল্লাহকে ঢাকা পুলিশ টেলিকমে এবং পুলিশ টেলিকমের মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
বিশেষ শাখার আমীনুল ইসলামকে রাঙ্গামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস), রাজারবাগ পুলিশ টেলিকমের মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশে এবং শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
এ ছাড়া খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. সাজ্জাদুর রহমান রাসেলকে বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি), খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডিতে এবং একই ইউনিটের মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি ও দুই অতিরিক্ত এসপি বদলি
অপর এক আদেশে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহম্মেদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আসমা আখতারকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।