নিখোঁজের ১ বছর পর কিশোরী উদ্ধার

রাজধানীর বংশাল থেকে নিখোঁজের এক বছর পর এক কিশোরীকে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর শাহ আলী থানা এলাকার একটি বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। প‌রে তা‌কে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। 

বংশাল থানার বরাত দি‌য়ে ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হোসেন জানান, ২০২৫ সা‌লের ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দি‌কে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় এক কিশোরী। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. জিন্নাত  পরদিন বংশাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে শাহ আলী থানা এলাকার একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার করে বংশাল থানা পুলিশ। 

পরবর্তীকালে উদ্ধারকৃত কিশোরীকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।