রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি, গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতের নাম শাহ্ মোস্তফা আলমগীর (৫৫)।
ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শাহ্ মোস্তফা আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
ডিবি গুলশান সূত্রে আরও জানা যায়, সাম্প্রতিক সময়ে দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের অভিযোগ রয়েছে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন।