ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ রাতে তাকে আদালতে তোলা হয়েছে।
ডিএমপির একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, পুলিশ বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় রাকিবুল হাসানের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে। তাকে সরকারি কার্যক্রম থেকে বহিষ্কারের সব প্রক্রিয়াও চলছে বলে সূত্র জানায়।
বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ওসমান গণিও। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, রাকিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। তাকে আদালতে নেওয়া হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়। অডিওটি নিজের নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছিলেন রাকিবুল।