ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার পেছনের মূল ষড়যন্ত্র উন্মোচনে আদালতের কাছে তার ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ওসমান গণিও। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, রাকিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। তাকে আদালতে নেওয়া হয়েছে এবং সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।   

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়। অডিওটি নিজের নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছিলেন রাকিবুল।