গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে যুবক আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টম্বর) দুপুর ১২টার দিকে গুলশান-২ নম্বরে প্রধানমন্ত্রীর বাসভবনের বিপরীতে অবস্থিত নবনা ভবনের সামনে থেকে ওই যুবককে আটক করা হয়।  

আটককৃত যুবকের নাম মো. শাকিল মিয়া। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কড়াতি গ্রামের মো. আবদুর রহিমের ছেলে।

গুলশান থানার কর্তব্যরত অফিসার এসআই শাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর বাসভবনের আশপাশের এলাকায় ঘোরাঘুরি করার কারণে শাকিলকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সন্দেহ হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তখন তিনি সঠিক জবাব দিতে পারেননি।

শাকিলের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে আটকে গুলশান থানায় খবর দেয় নিরাপত্তা বাহিনী। তখন পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

শাকিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই সাখাওয়াত।