রাজধানীতে দুজনের কাছেই মিললো ৩৫ লাখ টাকার জাল নোট, ছড়িয়েছে কত?

রাজধানীর যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি দল।

গ্রেফতাররা হলেন মো. রুবেল হাওলাদার (৩৬) ও সেলিনা আক্তার ওরফে নাসিমা (৫৮)।

ডিবি ওয়ারী বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার কাজলারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫ লাখ টাকা মূল্যের ৩ হাজার ৯০২টি জালনোট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে ঢাকার বিভিন্ন স্থান থেকে জালনোট সংগ্রহ করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। পরে এসব জালনোট আসল টাকা হিসেবে বাজারে চালিয়ে অধিক মুনাফা করার উদ্দেশ্যে তারা নিজেদের কাছে রাখতেন।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।