মাইক্রোবাসে তুলে নেওয়া হয় ছাত্রদল নেতাকে, পরে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় ইসফাতুল ইসলাম জিসান (২৮) নামের এক ছাত্রদল নেতাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জিসান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং ওই ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ‘রবিবার দিবাগত রাত ১১টার দিকে জিসান দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। উপজেলার কাকারা ইউনিয়নের সাবের সদর বাজারের একটি দোকানের সামনে পৌঁছালে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে একদল দুর্বৃত্ত তাকে জোর করে তুলে নিয়ে যায়। সোমবার ভোরে মহাসড়কের পাশে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য চকরিয়া থানা পুলিশ চার জনকে আটক করেছে। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

এদিকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চকরিয়া উপজেলা ছাত্রদল। উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি বলেন, ‘জিসানকে পরিকল্পিতভাবে অপহরণের পর হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিদের গ্রেফতার করা না হলে চকরিয়ায় আন্দোলনের আলটিমেটাম দিয়েছেন ছাত্রদল নেতারা। এ ঘটনায় চকরিয়া ও কাকারা এলাকায় উত্তেজনার পাশাপাশি শোকের ছায়া বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।