বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ থাকায় বেস্টওয়ে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মিজানুর রহমান এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  

দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।  

দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক সেলিম মিয়া তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মিজানুর রহমান ও তানিয়া সুলতানা হাউজিং ব্যবসার নামে প্রতারণার মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকার মানিলন্ডারিং এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ইতোমধ্যে প্লট বরাদ্দের নামে গ্রাহকদের অর্থ নিয়ে প্রতিশ্রুত প্লট বুঝিয়ে না দেওয়া এবং অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান, চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভী ও পরিচালক মো. মোমেনের  বিরুদ্ধে গত ২১ জুলাই মানিলন্ডারিং প্রতিরোধ আইনে বনানী থানায় মামলা করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, মিজানুর রহমান ও তার স্ত্রী তানিয়া সুলতানা  দেশত্যাগ করার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।