‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্রয়কেন্দ্রের দুই কর্মী আমিনুল ইসলাম ও হুমায়ূন কবীরকে তুলে নিয়ে আটকে রাখা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। বইটি আর বিক্রি না করার শর্তে পুলিশ দুই কর্মীকে ছেড়ে দেয়। তাদের যারা তুলে নিয়ে গিয়েছিল, তারা কারা—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইউপিএল জানিয়েছে, বিকাল সাড়ে ৫টার দিকে দুই যুবক বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে এসে ‘অসমাপ্ত আত্মজীবনী’ কিনতে চান। বইটি বের করে দেওয়ার পর তারা এটি বিক্রি করা নিয়ে আপত্তি জানান এবং বইটি নিষিদ্ধ বলে দাবি করেন। একপর্যায়ে আশপাশের আরও কয়েকজনকে জড়ো করে তারা বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে তালা ঝুলিয়ে দেন। একইসঙ্গে দুই কর্মীকে তুলে নিয়ে সদরঘাটের লালকুঠি ঘাট এলাকায় আটকে রাখা হয়।

ইউপিএলের সম্পাদকমণ্ডলীর পরিচালক ফিরোজ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকার নিষিদ্ধ ঘোষণা করলে আমরা বই সরিয়ে নিতে বাধ্য হবো। কিন্তু সরকার এমন কোনও পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরা নিজেরা কোনও বই বাজার থেকে সরাব না।’

তিনি বলেন, ‘শুধু অসমাপ্ত আত্মজীবনী নয়, আগেও বিভিন্ন বই নিয়ে চাপ এসেছে। কিন্তু আমরা কোনও বই বাজার থেকে সরাইনি। কারণ, বই প্রকাশের পেছনে আমাদের শ্রম ও বিনিয়োগ রয়েছে। সরকার আইন অনুযায়ী নিষিদ্ধ করলে অবশ্যই আমরা তা সরিয়ে নেবো।’

সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান বলেন, তুলে নেওয়া দুই কর্মীকে থানায় আনা হয়নি। তাদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছিল। সেখান থেকেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ ২০২৪ সালের পর আর ছাপানো হয়নি। বইটি আর বিক্রি না করার শর্তে দুই কর্মীকে পুলিশ ফাঁড়ি থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনও অভিযোগ পাওয়া যায়নি।