রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শেরে বাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃতরা হলো, শওকত আকবর মঙ্গল (৪৫)। তিনি শিল্পাঞ্চল থানা ১ নং ইউনিটি যুবলীগের সভাপতি বলে পুলিশ নিশ্চিত করেছে।  অন্যান্যদের মধ্যে রয়েছেন সালাউদ্দিন মোল্যা (৪৫), মো. সোহেল রানা (২৪), মোহাম্মদ হোসেন (২৪) এবং সবুজ তালুকদার (৩০)। তারা যুবলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে। 

ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা শেরেবাংলা নগর থানাধীন তালতলা বাসস্ট্যান্ড এবং নতুন রাস্তা এলাকায় অবস্থান করছে। ওই খবরের ভিত্তিতে থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। 

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।