রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে হামলা, সিটি করপোরেশনের পরিবহনে ভাঙচুর এবং পরিকল্পিতভাবে মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ডিএনসিসি ও পুলিশের পক্ষ থেকে আজই মামলা দায়ের করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, “নগরবাসীর সুবিধা নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে উচ্ছেদ অভিযান শুরু করেছি। তারই অংশ হিসেবে আজ ডিএনসিসির পক্ষ থেকে ফুটপাত উদ্ধারের অভিযান পরিচালনার সময় ফ্যাসিজমের আমল থেকে যারা ফুটপাত দখল করে রেখেছিল, তারা এবং তাদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক ও কিছু পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালানো হয়েছে।”
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে স্থানীয় সাধারণ জনগণের প্রতিরোধের মুখে ফ্যাসিজমের দোসররা পালাতে বাধ্য হয়।
ফুটপাত উদ্ধারের চলমান কর্মসূচি কোনোভাবেই থামবে না উল্লেখ করে প্রশাসক বলেন, “আমি স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি, নগরবাসীর নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাত উদ্ধারের এই কর্মসূচি অব্যাহত থাকবে। পরিকল্পিতভাবে ফ্যাসিজমের দোসররা মসজিদে আগুন দিয়ে অরাজকতার সৃষ্টি করেছে। যারা এই অরাজকতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আজই মামলা হবে। পুলিশের পক্ষ থেকে মামলা হবে, ডিএনসিসির পক্ষ থেকে মামলা হবে। তদন্ত করে তাদের অবিলম্বে গ্রেফতার করা হবে। অবৈধভাবে কাউকে এখানে ফুটপাত দখল করতে দেবো না।”