আবেদ আলীর ছেলে সিয়ামের দুর্নীতি মামলার রায় ১৫ অক্টোবর

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে আগামী ১৫ অক্টোবর রায়ের দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীরের আদালত দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ধার্য করেন। দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী বলেন, সিয়ামের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি আসামির সর্বোচ্চ ১০ বছরের সাজা প্রত্যাশা করেন।

অপরদিকে, সিয়ামের পক্ষে আইনজীবী রফিকুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করে বলেন, দুদক অভিযোগ প্রমাণ করতে পারেনি। তিনি সিয়ামের খালাসের আবেদন জানান। তার দাবি, সিয়ামের নামে যে সম্পত্তির তথ্য মামলায় উল্লেখ করা হয়েছে, তা দুদক প্রমাণ করতে পারেনি।

গত ১৩ সেপ্টেম্বর মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলায় দুদকের ১১ জন সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য দিয়েছেন। আত্মপক্ষ সমর্থনের শুনানিতে সিয়াম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

এর আগে গত ১৭ জুন একই আদালত সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরুর আদেশ দেন।

দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন গত বছরের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। তদন্তে সিয়ামের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সিয়াম সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সংস্থার সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে।