রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিপরীত পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় রেজাউল ইসলাম (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, ৫০ হাজার টাকার বিনিময়ে আইসিটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর চুক্তি করেছিলেন তিনি।
ধানমন্ডি মডেল থানার বরাত দিয়ে ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাতে ধানমন্ডি ১১/এ নম্বর সড়কের একটি বাসার সামনে পাকা রাস্তায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই পালিয়ে যাওয়ার সময় রেজাউলকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল পুলিশকে জানান, আনুমানিক ১০-১২ দিন আগে নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাত এক ব্যক্তি তাকে আইসিটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দেন। এ কাজের বিনিময়ে ৫০ হাজার টাকা দেওয়ার চুক্তি হয়।
পুলিশ জানায়, পরিকল্পনা অনুযায়ী গত ২৮ সেপ্টেম্বর ঘটনাস্থল রেকি করে যান রেজাউল। পরে মঙ্গলবার মধ্যরাতে ঘটনাস্থলে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গলির ভেতর দিয়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।
ককটেল বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার রেজাউলের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।