রাজধানীর গাবতলী এলাকায় অজ্ঞাত দুই ব্যক্তির ছুরিকাঘাতে এক রিকশাচালক নিহত হয়েছেন। আনুমানিক ২০ বছর বয়সী ওই রিকশাচালকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
নিহতের পরিচয় শনাক্তে স্থানীয় জনসাধারণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে দারুস সালাম থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে গাবতলীর আল্লাহর দান হোটেলের সামনে আনুমানিক ২০ বছর বয়সী ওই রিকশাচালককে অজ্ঞাত দুই ব্যক্তি পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। খবর পেয়ে দারুস সালাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তে স্থানীয় জনসাধারণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে দারুস সালাম থানা পুলিশ।
নিহতের পরিচয় সম্পর্কে কেউ তথ্য জেনে থাকলে দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হাসান খাঁন (মোবাইল: ০১৭১৭৭৮৯৯০৩) অথবা তদন্ত কর্মকর্তা এসআই মো. তরিকুল ইসলামের (মোবাইল: ০১৭১১৩৪৬৭৩৮) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।