রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও বিজ্ঞান যাদুঘরের সামনে প্রাইভেটকারের ধাক্কায় জিসান (৪) নামে এক শিশুর মৃত্যুর হয়েছে।
ঢামেক হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপপরিদর্শক এসআই মো. সেলিম হোসেন। তিনি জানান, নিহত শিশুর লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরে বাংলা নগর থানাকে অবগত করা হয়েছে।
ভোলা জেলার লালমোহন উপজেলার গুদিরপুর গ্রামের ব্যবসায়ী আলী আকবরের ছেলে জিসান। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।
নিহতের বাবা আলী আকবর জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২টার দিকে পশ্চিম আগারগাঁওয়ে বাসার পাশে বিজ্ঞান যাদুঘরের সামনে খেলাধুলা করার সময়ে আইল্যান্ড থেকে রাস্তায় নামার সঙ্গে সঙ্গে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে নিউরো সায়েন্স ইনিস্টিউটে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।