তারেক সাঈদকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ ট্রাইব্যুনালের

গুম ও ক্রসফায়ারের পৃথক অভিযোগে গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা লে.ক. (অবসরপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

পরে তারেক সাঈদের আইনজীবী মাহমুদুল হুসাইন রুবেল বলেন, গত ১৬ সেপ্টেম্বর তারেক সাঈদকে ফের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এক দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। পরে গভীর রাতে মুন্সীগঞ্জ কারাগারে কয়েকজন কারারক্ষী লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

মাহমুদুল হুসাইন রুবেল বলেন, লাঠির আঘাতে তারেক সাঈদের মাথায় আঘাত লাগে। শরীরের বিভিন্ন স্থানেও তাকে মারধর করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। ঘটনার নিরপেক্ষ বিচারিক তদন্ত এবং তারেক সাঈদের চিকিৎসার ব্যবস্থা চেয়ে আমরা ট্রাইব্যুনালে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরের তিনজন বিএনপি নেতা আব্দুল মান্নান, জহিরুল ইসলাম সুমন, আসাদুজ্জামান বাবুলকে হত্যা করা হয়। এছাড়া বিএনপি কর্মী বেল্লাল হোসেনকে গুম করা হয়।

এদিকে ২০১৩ সালের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামের দুইজন বিএনপি নেতা  সাইফুল ইসলাম হিরু এবং হুমায়ুন কবির পারভেজকে গুম করা হয়। এই দুই মামলার তদন্ত চলছে। এই দুই মামলায় তারেক সাঈদ মোহাম্মদ আসামি।