গির্জা থেকে চুরি যাওয়া পিতলের ঘণ্টা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের (গির্জা) দোতলার খোলা জায়গা থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।

সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চটি ৯২, আসাদ অ্যাভিনিউয়ের ওয়াসা ভবনের সামনে অবস্থিত। 

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন, বৃহস্প‌তিবার (৩০ সে‌প্টেম্বর) রাত ১২টা ৩ মিনিটের পর কোনও এক সময় চার্চের (গির্জা) দোতলার উন্মুক্ত স্থান থেকে আনুমানিক ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি চুরি হয়। ভোর ৪টা ৩৫ মিনিটে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতা‌রে একাধিক টিমের সমন্বয়ে অভিযান শুরু হয়।

তিনি বলেন, অভিযানের মুখে চোররা চুরি করা ঘণ্টাটি ফেলে রেখে পালিয়ে যায়। 

এরপর শুক্রবার রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডের ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

ও‌সি জানান, চুরির আগে ওইদিন রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং অপশন বন্ধ ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সোর্সের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ওসি আব্দুল হালিম বলেন, উদ্ধার করা পিতলের ঘণ্টাটি থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চল‌ছে।