রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ডিজিএফআই সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মো. রাসেল মাহবুব ওরফে মাছুম (৪২), সোহেল মির্জা (৪১) ও মো. সজিব (৩৬)।
উত্তরা পূর্ব থানার বরাত দিয়ে ডিএমপির ডিসি (মিডিয়া), শুক্রবার (২ অক্টোবর) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে উত্তরা পূর্ব থানার একটি টহল দল ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি বাড়ির দশম তলার ফ্ল্যাটে যায়। সেখানে কয়েকজন ব্যক্তি ফ্ল্যাটের মালিক কাইয়ুম শাহরিয়ার জাহেদীকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মামলা থাকার কথা বলে ভয়ভীতি প্রদর্শন করেন।
একপর্যায়ে মামলা নিষ্পত্তির কথা বলে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভয়ে ভুক্তভোগী তাদের ১ লাখ ৫৯ হাজার টাকা দেন। পরে তাদের কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।
পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনের কাছে ডিজিএফআইয়ের পরিচয়পত্র পায়। পরিচয়পত্রটি দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হলে অভিযুক্তরা ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের ভুয়া একটি পরিচয়পত্র, একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
ডিসি জানান, এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে।