সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে সারাদেশে ৬৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় চারজন নিহত এবং অন্তত ৫২৭ জন আহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ (এইচআরএসএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং নিজস্ব তথ্যানুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে এইচআরএসএস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্টে ৭০টি সহিংসতার ঘটনায় সাতজন নিহত ও ৫৩৬ জন আহত হয়েছিলেন।
সংস্থাটি জানিয়েছে, সেপ্টেম্বরে রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে অন্তত ৬৮টি সহিংসতার ঘটনা ঘটে। এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ৩৫টি ঘটনায় ৩৪০ জন আহত ও একজন নিহত হয়েছেন।
এছাড়া বিএনপি-জামায়াত সংঘর্ষের সাতটি ঘটনায় ৬১ জন আহত হয়েছেন। বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের ছয়টি ঘটনায় ৪২ জন আহত ও একজন নিহত হয়েছেন। জামায়াত-আওয়ামী লীগের দুটি সংঘর্ষের ঘটনায় তিনজন আহত ও একজন নিহত হয়েছেন। বিএনপি-এনসিপির তিনটি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ১৬ জন।
একই সময়ে অন্যান্য দলের সঙ্গে বিএনপির সংঘর্ষের সাতটি ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। বিভিন্ন দলের মধ্যকার আরও সাতটি সংঘর্ষের ঘটনায় ৫০ জন আহত ও একজন নিহত হয়েছেন।
এইচআরএসএসের হিসাবে, নিহত চারজনের মধ্যে দুজন আওয়ামী লীগের, একজন বিএনপির এবং একজন জামায়াতে ইসলামীর।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দুটি সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া সেপ্টেম্বরে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দুর্বৃত্তদের পৃথক ১২টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় বিএনপির পাঁচজন ও জামায়াতের একজনসহ সাতজন আহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।