অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মে জড়িত থাকার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করে সরকারের জারি করা প্রজ্ঞাপন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ রবিবার (৪ অক্টোবর) স্থগিত করেন তিনি।
আদেশের বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, গত ১৯ জুলাই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর বিরুদ্ধে একটি রিক্রুটিং এজেন্সি রিট করলে হাইকোর্ট প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
এরপর আরও ১১টি এজেন্সি হাইকোর্টে রিট করে একই ধরনের স্থগিতাদেশ পায়। এর বিরুদ্ধে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আপিল বিভাগে আবেদন করে। রবিবার আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন।
১৯ জুলাইয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রিক্রুটিং এজেন্সিগুলোকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধিবিধান মেনে চলতে হয়।
তবে লাইসেন্স বাতিল হওয়া এজেন্সিগুলোর বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল ও তা গ্রহণ করা হয়েছে। এ কারণে অভিবাসন আইন অনুযায়ী এসব এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
লাইসেন্স প্রত্যাহার হওয়া ৪৯টি এজেন্সি হলো—অরবিটালস এন্টারপ্রাইজ, অরবিটাল ইন্টারন্যাশনাল, আহমেদ ইন্টারন্যাশনাল, স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড, ফাইভ এম ইন্টারন্যাশনাল, ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, মেসার্স শাহীন ট্রাভেলস, আরভিং এন্টারপ্রাইজ, হৃদয় ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত ইন্টারন্যাশনাল, ৪ সাইট ইন্টারন্যাশনাল, বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশভ্রমণ লিমিটেড, কিউ কে কুইক এক্সপ্রেস লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, জিএমজি ট্রেডিং প্রাইভেট লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, দ্য সুপার ইস্টার্ন লিমিটেড, এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ, আল খামিস ইন্টারন্যাশনাল, নিউ এজ ইন্টারন্যাশনাল, দামাশি করপোরেশন লিমিটেড, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, প্রভাতী ইন্টারন্যাশনাল, মানিসপাওয়ার করপোরেশন, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, দরবার গ্লোবাল ওভারসিজ, নাতাশা ওভারসিজ, অপরাজিতা ওভারসিজ, স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড, জান্নাত ওভারসিজ, বিএম ট্রাভেলস, বিএনএস ওভারসিজ লিমিটেড, রুবেল বাংলাদেশ লিমিটেড, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেড, আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালট্যান্সি, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, জেজি আলফালাহ ম্যানেজমেন্ট, ইমপিরিয়াল রিসোর্সেস লিমিটেড, পি আর ওভারসিজ লিমিটেড, এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড এবং অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি।