দুর্গাপূজায় নৌপথে জোরদার হচ্ছে টহল

শারদীয় দুর্গাপূজা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নৌপথের গুরুত্বপূর্ণ পয়েন্টে পেট্রোলিং জোরদার এবং ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ ব্যবস্থা চালু রাখবে নৌ পুলিশ।

রবিবার (৪ অক্টোবর) নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজায় নদীপথ ও খেয়াঘাটের নিরাপত্তা, প্রতিমা বিসর্জনের সময় শৃঙ্খলা রক্ষা এবং নৌপথে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম।

নৌ পুলিশ প্রধান বলেন, বাঙালির ঐতিহ্যবাহী উৎসব দুর্গাপূজা যাতে সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীরা নদীপথে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে নৌ পুলিশ সার্বক্ষণিক তৎপর থাকবে।

প্রতিমা বিসর্জনের সময় অতিরিক্ত ভিড় এড়ানো, নির্ধারিত সময়ে বিসর্জন সম্পন্ন করা এবং নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন না করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে নৌযানে লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

সভায় নৌপথের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পেট্রোলিং জোরদার এবং কন্ট্রোল রুমের মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নৌ পুলিশের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তামূলক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আশ্বাস দেন।