পান চাষিদের জন্য বড় সুখবর

বাংলাদেশ পান রফতানিকারক সমিতির প্রত্যয়নপত্র ব্যতীত পান রফতানি করা যাবে না বলে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

আজকের এই আদেশের ফলে পান রফতানির ক্ষেত্রে বাংলাদেশ পান রফতানিকারক সমিতির প্রত্যয়নপত্র গ্রহণের শর্তের কার্যকারিতা আপাতত স্থগিত হলো এবং পান রফতানির আইনগত বাধা দূর হলো বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

এর ফলে পান রফতানি বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। যা পানের দাম বৃদ্ধি তথা পান চাষিদের জন্য সুফল বয়ে আনতে পারে বলে আশা করা হচ্ছে।   

বাংলাদেশ পান রফতানিকারক সমিতির করা এক রিট আবেদনের  পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ৬ আগস্ট সমিতির প্রত্যয়নপত্র ব্যতীত পান রফতানি করা যাবে না বলে আদেশ দেন। হাইকোর্টের সে আদেশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে (লিভ টু আপিল) আবেদন করা হয়। এই আবেদনের শুনানি শেষে রবিবার (৪ অক্টোবর) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। খবর: বাসস