মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের ‘এন্ট্রি-এ’ গেটে এক নারী যাত্রীর ব্যাগ ধরে টানাটানি করছিল এক ছিনতাইকারী। লিফটের সামনে তাকে ভয়ভীতি প্রদর্শনকালে বিষয়টি স্টেশনটিতে টহল ডিউটিরত আনসার সদস্য মো. রাকিবুল ইসলামের নজরে আসে।

তাৎক্ষণিক তিনি এপিসি রোকনুজ্জামান ও আনসার শাহীন মিয়াকে সঙ্গে নিয়ে দ্রুত অভিযান চালান। তাদের ক্ষিপ্রতায় জাকির হোসেন নামে ওই ছিনতাইকারীকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে একটি বড় ধারালো ছুরি জব্দ করা হয়।

ঘটনাস্থল থেকে আটকের পর বিষয়টি দ্রুত মতিঝিল মেট্রোরেল স্টেশনের কন্ট্রোলারকে জানানো হয়। পরে স্টেশনের কন্ট্রোলারের প্রত্যক্ষ উপস্থিতিতে আনসার সদস্যরা জব্দ ধারালো অস্ত্রসহ আটক ছিনতাইকারীকে এমআরটি পুলিশের কাছে সোপর্দ করেন।