পল্টনে এসি মেরামতের সময়ে বিস্ফোরণে যুবকের মৃত্যু

রাজধানীর পল্টন থানাধীন নয়াপল্টন এলাকায় এসি মেরামতের সময়ে বিস্ফোরণে জীবন বর্মন (২৫) নামে এক মেকানিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনের ‘এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস’ নামে একটি দোকানে এই দুর্ঘটনাটি ঘটে।

গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর গ্রামের সচিন বর্মনের ছেলে  জীবন বর্মন।

নিহতের ভাই অনিক বর্মন জানান, সকালে কর্মস্থলে এসি মেরামতের কাজ করছিলেন জীবন। কাজ করার একপর্যায়ে হঠাৎ এসিটির কম্প্রেসার বিস্ফোরিত হলে সে গুরুতর আহত হয়। পরে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুর সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।