আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় করা মামলায় হাজতি আসামি মো. শরিফুল ইসলাম ফের পালিয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আদালত থেকে পালালো সে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত থেকে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান শরিফুল।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ‘কোতোয়ালি থানার মামলায় হাজতি আসামি কৌশলে হাতকড়া খুলে আদালত থেকে পালিয়ে গেছে। এই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। আমাদের পুলিশ সদস্য অন্যমনস্ক থাকার সুযোগে অন্য একটি দরজা দিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশ কাজ করছে।’
ডিসি জানান, এর আগেও একবার আদালত থেকে পালিয়েছিল শরিফুল।
২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে খিলগাঁও থানার কিশোর জিসান হোসেন হত্যা মামলায় শরিফুলকে হাজির করা হয়। শুনানি শেষে তাকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশ সদস্যকে আঘাত করে হাতকড়া খুলে পালিয়ে যায় সে।
ওই ঘটনায় সেদিনই হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে কোতোয়ালি থানায় শরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
আদালতে তোলার পর সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি। পরে ডিএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত কনস্টেবল আব্দুল আলিম তাকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় কৌশলে হাতকড়া খুলে অন্য একটি দরজা দিয়ে পালিয়ে যান শরিফুল।
শরিফুল দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহম্মেদের ছেলে।