যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শিরিন বেগম (৩৫) নামে এক নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার একটি বাসা থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী দুলালকে (৫০) আটক করেছে পুলিশ।

নিহত শিরিন বেগমের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিখাখালি গ্রামে। তার বাবার নাম মৃত সোহরাব আলী।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. এ কে এম মইনুদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাতে মীর হাজিরবাগের একটি বাসা থেকে খণ্ডিত ওই মহিলার মরদেহ উদ্ধার করা হয়। নারীর দেহটি ৪ টুকরো করা ছিল এবং ঘটনাস্থল থেকে তার স্বামীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত ওই নারী পরকীয়ায় জড়িত ছিলেন। এ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া লাগতো। এর জের ধরে রাতের যেকোনো সময় দুলাল স্ত্রী শিরিনকে হত্যা করেন এবং ঘাড় থেকে মাথা ও উরু থেকে দুই পা আলাদা করে ফেলেন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে খণ্ডিত মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শিরিন বেগমের পরিবারের বাকি সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।