রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর কাজ দেওয়ার প্রলোভনে ফ্ল্যাটে ডেকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় রাসেল ওরফে নাগ রাসেল (২০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এসআরবি জানিয়েছে, গত ৩ অক্টোবর রাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড এলাকার একটি ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে ২৪ বছর বয়সী এক তরুণীকে ডেকে নেওয়া হয়। সেখানে দুই তরুণ তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রনি শেখ (২৯) ও মো. রাসেল ওরফে নাগ রাসেলকে যথাক্রমে এক ও দুই নম্বর আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে।
এসআরবি-২ জানায়, ঘটনার পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। এর ধারাবাহিকতায় রবিবার রাতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বসিলা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই নম্বর আসামি নাগ রাসেলকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-২।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।