ঢাকা উদ্যানে উদ্ধার ৯ ককটেল নিষ্ক্রিয় করলো এসআরবি

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা হতে ভ্যানিটিব্যাগে নাশকতার উদ্দেশ্যে রাখা ৯টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।  

এসআরবি-২ জানায়, তারা নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে নাশকতার উদ্দেশ্যে বেশকিছু ককটেল গচ্ছিত রাখা আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এসআরবি-২-এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি ভ্যানিটিব্যাগে থাকা নয়টি ককটেল শনাক্ত করে।

পরবর্তীতে এসআরবি বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেলগুলি উদ্ধার করে নিরাপদে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয়  করে। 

এসআরবি-২ ঢাকা উদ্যান এলাকায় টহল জোরদার করে জননিরাপত্তা নিশ্চিত করছে।  

এসআরবি-২ জানায়, ককটেল ফাটিয়ে নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অপতৎপরতা চালানো দুস্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এসআরবি-২ গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে।