কেরানীগঞ্জে মাইক্রোবাসে মিল‌লো মাদক, আটক ২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি মাইক্রোবাস থেকে ৪৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা ব‌লে জা‌নি‌য়ে‌ছে এসআর‌বি।

আটককৃতরা হলেন— ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের রুহুল আমীন (২৬) ও পদ্মপুকুর গ্রামের লিয়াকত (৪৩)।

বুধবার (১৪ অ‌ক্টোবর) এসআরবি-১০-এর অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ অক্টোবর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের দক্ষিণ বাঘাপুরে ধলেশ্বরী টোল প্লাজাসংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় মাইক্রোবাস থেকে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। 

এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস, দুটি মুঠোফোন এবং মাদক কেনাবেচার নগদ ১ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়েছে।

এসআরবি-১০-এর অধিনায়ক জানান, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান চল‌বে। মানবপাচার, মাদক কারবার, প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা এসআরবিকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।