সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা, সাক্ষ্য দিলেন পুলিশ পরিদর্শক

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় করা মামলায় ৯ আসামির বিরুদ্ধে আরও একজন সাক্ষ্য দিয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তৎকালীন ডিবি পুলিশের পরিদর্শক মনিরুজ্জামানের জবানবন্দি রেকর্ড করেন। 
এরপর আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। তার জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষীর জন্য আগামী বছরের ১১ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন। 

আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এই মামলার বাদী ড. বদিউল আলম মজুমদারকে পুনরায় জেরা করার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

এ নিয়ে মামলাটিতে ২৮ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য শেষ হয়েছে। 

মামলার আসামিরা হলেন- ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাইমুল হাসান, মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ। 

মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় ২০১৮ সালের ১০ অগাস্ট  রাতে ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রউফ আদালতে অভিযোগপত্র জমা দেন।

২০২২ সালের ২৮ মার্চ এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ওই বছরের গত ৪ ডিসেম্বর পর্যন্ত ছয় জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। সাক্ষীদের মধ্যে ড. বদিউল আলম মজুমদার, খুশি বেগম ও মাহবুবুল আলম মজুমদার তাদের জবানবন্দিতে জনৈক ইশতিয়াক মাহমুদের নাম উল্লেখ করেন। ওই বছরের ২৭ ডিসেম্বর আদালত এ মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায় থেকে উত্তোলন করে অধিকতর তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ঢাকার সিএমএম কাছে পাঠান।

২০২৩ সালের ১ জানুয়ারি ঢাকার তৎকালীন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন। অধিকতর তদন্ত শেষে ওই বছরের ১৯ সেপ্টেম্বর বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ নয় জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট জমা দেন তদন্তকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা। 

২০২৩ সালের ১৯ নভেম্বর ঢাকার তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর আদেশ দেয়।