শাড়ির আড়ালে কুশ, শাহজালালে ভারতীয় নাগরিক গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। তার কাছ থেকে ভারতীয় পাসপোর্টও পাওয়া গেছে। ডিএনসির দাবি, ট্রাভেল ট্রলিতে কাপড়ের নিচে লুকিয়ে এসব মাদক আনা হয়েছিল।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয়।

ডিএনসি ঢাকা উত্তরের উপপরিচালক মো. রাজিউর রহমান এ তথ্য জানান।

ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) ও বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল দুপুর দেড়টার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা অভিজিৎ দাসকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

পরে সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তার ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। এ সময় কাপড়ের নিচে লুকানো ৪ কেজি ২৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিএনসি।

মাদক পাচারে ত্রিদেশীয় চক্রের সংশ্লিষ্টতার দাবি

ডিএনসি জানায়, গ্রেফতার অভিজিৎ দাস ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বনগাঁ রেলওয়ে স্টেশনের একজন কুলি বলে পরিচয় দিয়েছেন।

ডিএনসির ভাষ্য অনুযায়ী, একটি আন্তর্জাতিক ও ত্রিদেশীয় মাদক পাচারচক্র ভারতের নিম্ন আয়ের মানুষদের ভিসামুক্ত ভ্রমণের সুযোগ কাজে লাগিয়ে কলকাতা থেকে ব্যাংককে নিয়ে যায়। পরে ভারতীয় শাড়ির মতো বিভিন্ন পণ্যের আড়ালে তাদের মাধ্যমে বাংলাদেশে মাদক পাচার করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

ডিএনসি আরও জানায়, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে মাদকের একটি অংশ হস্তান্তরের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল অভিজিতের। চক্রটি বাংলাদেশে কুশের নতুন বাজার তৈরির চেষ্টা করছে বলেও দাবি করেছে সংস্থাটি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন। আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএনসি।