মানবতাবিরোধী অপরাধের মামলা

বিদেশি আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত হবে বার কাউন্সিলের বৈঠকে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারাধীন মামলায় বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে জিয়াউল আহসান, সালমান এফ রহমান ও ফারজানা রুপা যে আবেদন করেছেন, তা নিয়ে বার কাউন্সিলের পরবর্তী বৈঠকে আলোচনা করা হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ‍্যাটর্নি জেনারেল ও পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ‍্য জানান।

তিনি বলেন, এ বিষয়ে ট্রাইব্যুনাল থেকে মতামত জানতে চাওয়া হয়েছিল। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বার কাউন্সিলের পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

নিয়ম অনুযায়ী, বাংলাদেশের কোনো আদালত বা ট্রাইব্যুনালে বিদেশি কোনো আইনজীবীর শুনানিতে অংশ নিতে হলে বার কাউন্সিলের পূর্বানুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা আশা করছেন, এবার বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি মিলবে। অন্যদিকে প্রসিকিউশনের মতে, বার কাউন্সিলের অনুমতি থাকলে বিদেশি আইনজীবী লড়তে আইনগত কোনো বাধা থাকবে না।

এর আগে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান নিজ নিজ মামলায় বিদেশি আইনজীবী চেয়ে বার কাউন্সিলে আবেদন করেছিলেন। সর্বশেষ একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার পক্ষে বিদেশি আইনজীবী হিসেবে অংশ নিতে যুক্তরাজ্যের দুই আইনজীবী—লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারসের জোনাথন প্রাইস ও নিকিলা কৌশিক ই-মেইলের মাধ্যমে বার কাউন্সিলে আবেদন করেন।

গত ১৪ অক্টোবর ফারজানা রুপার আইনজীবী মাহবুব শফিক বিদেশি দুই আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জরুরি অনুমতি চেয়ে বার কাউন্সিলে একটি আবেদন জমা দেন। আগামী ১ নভেম্বর ফারজানা রুপার মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।