রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের ভেতরে নির্মাণাধীন ভবন থেকে একজন সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. মোশাররফ হোসেন। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য। তিনি বনানীর একটি বাড়িতে পরিবারসহ বসবাস করতেন।
জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে ঢুকেন। সেখানে নির্মাণাধীন একটি ভবনের পাশে সামনের সুইমিংপুলে মেয়েকে দিয়ে তিনি ভবনের ভেতরে যান। ঘণ্টা খানেক পর নিচতলায় সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ডিএমপির রমনা বিভাগের ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, মোশাররফ হোসেন চোখে কম দেখতেন। ওই ভবনের তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যান। আমরা মরদেহের সুরতহাল সম্পন্ন করেছি।
ডিসি জাহিদুল বলেন, এ বিষয়ে তার পরিবার ময়নাতদন্ত করতে না চাওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি বাংলাদেশে এলে তার বাবা মোশাররফ হোসেনের দাফনকাজ সম্পন্ন করা হবে বলে পরিবার জানিয়েছে।